
আজ আনন্দ ডেস্ক
বলিউডে বয়ে চলা একঘেয়ে হাওয়া পরিবর্তনের চেষ্টা করছেন সুপারস্টার শাহরুখ খান। আর তাই আবারও ব্যতিক্রমী গল্প নিয়ে বিগ বাজেটের নতুন ছবি নির্মাণের পরিকল্পনা করছেন। ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ বাজেটের ছবি রা.ওয়ান-এর সাফল্যের পর আরেকটি বড় প্রজেক্টের কাজ শুরু করতে যাচ্ছেন। তার এই নতুন প্রজেক্টের বাজেট রা.ওয়ান ছবিকে অতিক্রম করবে বলে জানিয়েছেন কিং খান। লন্ডনের একটি পত্রিকার সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে সুপরিচিত একটি প্রডাকশন হাউসের সঙ্গে এরই মধ্যে কথা বলেছেন তিনি। চলচ্চিত্রের বিশ্ববাজারে নতুন ছবির মার্কেটিংসহ প্রডাকশনের পুরো দায়িত্ব নেবে হাউসটি। কৌশলগত কারণে প্রডাকশন হাউসের নাম প্রকাশ থেকে বিরত থাকেন। বলিউডের রোমান্টিক অ্যাকশন ছবির একঘেয়ে জগতে দর্শকদের মাঝে ভিন্ন রুচির ছোঁয়া এনে দেয় কিং খানের সুপার হিরো ভিত্তিক ছবি রা.ওয়ান। এ ছবির সাফল্যে শাহরুখ এখন ভীষণ অনুপ্রাণিত। ভিন্ন আমেজের ভালো ছবি ভক্তদের উপহার দিতে আরো মোটা অংকের বাজেট বিনিয়োগে পিছু পা হবেন না বলে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন। শাহরুখ খান এ ক্ষেত্রে সামনে রেখেছেন হলিউডের বহুল আলোচিত ছবি অবতার। এই ছবির মতোই তার নতুন ছবিতে কাহিনী ও চিত্রায়নে ভিন্ন আমেজ যোগ করার প্রতি জোর দিতে চান তিনি। নতুন ছবিতে ব্যবহার করতে চান সর্বাধুনিক প্রযুক্তি। বিগ বাজেটের নতুন ছবি নির্মাণের ঘোষণা দিলেও ছবিটির নাম কিংবা অন্যান্য বিষয় এখনো প্রকাশ করেননি।
No comments:
Post a Comment