Friday, 20 January 2012

চীনারা বাড়ি ফিরছে নাড়ির টানে

বেইজিংয়ের রেল স্টেশনগুলোতে এখন পা ফেলার জায়গা নেই। চারদিকে মানুষ আর মানুষ। এত যাত্রী পরিবহন করতে হিমশিম খাচ্ছে চীনের রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু, কেন এত মানুষ ভিড় করছে রেল স্টেশনগুলোতে? কারণ, ২৩ জানুয়ারি চীনা নববর্ষ (চায়নিজ নিউ ইয়ার) উদযাপন উপলক্ষে চীনে তো বটেই, সারা বিশ্বে ছড়িয়ে থাকা কোটি কোটি চীনা নাগরিক বাড়ি ফিরছে। একসঙ্গে এত বেশি মানুষের বাড়ি ফেরাকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ‘মানব অভিবাসন’ (হিউম্যান মাইগ্রেশন)।
আর মাত্র তিন দিন পরেই আসছে চীনা নববর্ষ। বেইজিংয়ের রেলওয়ে স্টেশনগুলো এখন লোকে-লোকারণ্য। লোকজন বাড়ি ফিরছে নাড়ির টানে। পরিবারের সদস্যদের সঙ্গে নববর্ষ উদযাপনে শামিল হতে দেশের বাড়ি যেতে উন্মুখ হয়ে আছে চীনারা। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, গত ৪০ দিন ধরে ৩০০ কোটিরও বেশি যাত্রী পরিবহন করছে পরিবহন সংস্থাগুলো। নজিরবিহীন এ বিপুল পরিমাণ যাত্রী পরিবহনে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

এটা চীনাদের কাছে বসন্ত উত্সব নামে পরিচিত। প্রতিবছর এই একটি সময়ে তারা পরিবার-পরিজনদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পায়। গাও শু ইয়ং নামের একজন শিক্ষক বলেন, ‘বসন্ত উত্সবে আমরা মা-বাবার কাছে যাবই। তাঁরা যত দূরেই থাকেন না কেন, বাস বা ট্রেনে আমরা বাড়ি যাই। এ ছাড়া এ বছর টিকিট পাওয়া সহজতর হওয়ায় বেশি মানুষ বাড়ি যাচ্ছে।’
যাত্রী পরিবহনের সুবিধায় চীনের রেল মন্ত্রণালয় গত বছর থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই টিকিট বুকিং ব্যবস্থা চালু করেছে। কিন্তু তাতেও যাত্রীরা খুব একটা সন্তুষ্ট হতে পারছে না। টিকিট বুকিংয়ের জন্য ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটারে ‘লগ ইন’ করতে করতে বিরক্ত হয়ে পড়ছে যাত্রীরা।
‘কম্পিউটারে টিকিট বুকিংয়ের জন্য লগ ইন করতে গিয়ে চার ঘণ্টা ধরে আমি কম্পিউটার ছেড়ে উঠতে পারিনি। কারণ, একবার কম্পিউটার ছাড়লে পরে আর সুযোগ পাওয়া যায় না।’ এভাবেই লি সিনইয়ু নামের এক বিক্রয়কর্মী তাঁর বিরক্তি প্রকাশ করছিলেন। রয়টার্স।

No comments:

Post a Comment