Monday, 23 January 2012

রাজ্জাকের ৭০

রাজ্জাক রাজ্জাক
১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্মেছিলেন রাজ্জাক। অল্প বয়সেই বাবা-মাকে হারিয়ে ভাইবোনদের কাছে বেড়ে উঠেছেন তিনি। বিয়েও করেন। এরপর স্ত্রী আর আট মাস বয়সের ছেলে বাপ্পাকে সঙ্গে নিয়ে রাজ্জাক চলে আসেন বাংলাদেশে। তারপর রূপকথার গল্পের মতোই এগিয়েছে তাঁর জীবন। কখনো তিনি পাড়া-মহল্লায় নাটক করেছেন, কখনো চলচ্চিত্রে সহশিল্পীর চরিত্রে কাজ করেছেন, কখনো বা কাজ করেছেন তৃতীয় সহকারী পরিচালক হিসেবে। আবার দৌড়ে গিয়েছেন টেলিভিশনে। টিভি নাটকেও অভিনয় করেছেন তিনি। জীবনের তাগিদে ছুটেছেন শুধু কাজের সন্ধানে। কিন্তু একদিন কাজই তাঁর পেছনে ছুটতে শুরু করে। জহির রায়হানের বেহুলা ছবি রাজ্জাককে উপহার দেয় নতুন জীবন।
নির্মাতা সুভাষ দত্ত সব সময় বলেন, ‘বাংলা চলচ্চিত্রের স্বর্ণালি যুগে যতগুলো ভালো ছবি হয়েছে, তার প্রায় সবগুলোই ছিল রাজ্জাককেন্দ্রিক। ষাটের দশক থেকে শুরু করে আজও কাজ করছেন তিনি।’
কলকাতার অভিনেতা প্রসেনজিৎ মনের মানুষ ছবির উদ্বোধনী প্রদর্শনী উপলক্ষে ঢাকায় এসে বলেছিলেন, ‘রাজ্জাক সাহেবের নাম মনে হলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। এমন একজন অভিনয়শিল্পীকে আমাদের দেশে পাইনি, এটা আমার দুর্ভাগ্য।’
রাজ্জাকের কাছে জানতে চাওয়া হয় ৭০ বছর পূর্ণ করা এবং দীর্ঘ সময় ধরে কাজ করা প্রসঙ্গে। রাজ্জাক হেসে বলেন, ‘আমি এখনো সুস্থ আছি; তার প্রধান কারণ, আমি কাজের মধ্যে আছি। বার্ধক্য ছুঁতে পারেনি; কারণ, আমি বসে নেই। আমি আরও অনেক দিন কাজ করে যেতে চাই।’

No comments:

Post a Comment