Sunday, 22 January 2012

আইকনরা পাবেন ২ লাখ ১০ হাজার ডলার

অবশেষে ঠিক হলো আইকন খেলোয়াড়দের দাম। বিপিএলের নিলামে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটারের চেয়ে ৫ শতাংশ অর্থ বেশি পাবেন ছয় ফ্র্যাঞ্চাইজির ছয় আইকন।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নিলামে সবচেয়ে বেশি দাম উঠেছে নাসির হোসেনের। খুলনা রয়েল বেঙ্গলস দুই লাখ ডলারে কিনেছে তাঁকে। তার মানে, সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, মুশফিকুর রহিম, অলক কাপালি ও তামিম ইকবাল—বিপিএলের এই ছয় আইকন খেলোয়াড়ের প্রত্যেকে পাবেন দুই লাখ ১০ হাজার ডলার করে।
এর আগে বিপিএল গভর্নিং কাউন্সিল বলেছিল, আইকন খেলোয়াড়েরা যাঁর যাঁর ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে দামি খেলোয়াড়ের চেয়ে ৫ শতাংশ বেশি পাবেন। কিন্তু আইকনরা যেহেতু দেশি, ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি তারকা ক্রিকেটারদের চেয়ে বেশি অর্থ দিতে আপত্তি তোলে। আইকন খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে তাই একটা জটিলতাই সৃষ্টি হয়েছিল। কাল বিপিএলের সভায় এটির নিরসন হলো।
সভা শেষে গভর্নিং কাউন্সিলের প্রধান গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো চেয়েছিল যার যার দলের দেশি ক্রিকেটারদের চেয়ে আইকনদের ৫ শতাংশ বেশি টাকা দেবে। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, নিলামে সবচেয়ে বেশি দাম ওঠা বাংলাদেশি খেলোয়াড়ের চেয়ে ৫ শতাংশ বেশি অর্থ পাবেন আইকন খেলোয়াড়েরা। তার মানে, সব আইকন খেলোয়াড়ই দুই লাখ ১০ হাজার ডলার করে পাবেন।’

No comments:

Post a Comment