Tuesday, 17 January 2012

এই দলটা আর জিতবে না মেনে নিন, :সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক
পার্থে আবারও অপমানজনক হার এবং এবার মাত্র সাত সেশনে। খারাপ থেকে ভারতের পারফরম্যান্স নিয়মিতভাবে খারাপতর হচ্ছে। বিদেশে টানা সাত হারের পরে বলতেই হচ্ছে, এর চেয়ে খারাপ পরিস্থিতি কখনও হয়নি। প্রত্যেক টেস্টের আগে সমর্থক, মিডিয়া এবং ভারতীয় ক্রিকেটের সঙ্গে জড়িত সবাই আশা করেন এই টেস্ট থেকে চাকা ঘুরবে, কিন্তু দিনের শেষে পারফরম্যান্স আরও হতাশাজনক। পার্থের পিচ মোটেই ভয়ঙ্কর না। আমার কাছে এটাই ছিল সিরিজের সেরা ব্যাটিং উইকেট। এই উইকেটে যখন ভারত ১৬১ রানে প্রথম দিন শেষ হয়ে গেল, মাঠে যারা ছিলাম, জানতাম আরও একটা বড় হার স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু দ্বিতীয় ইনিংসেও যে ভারত এভাবে আত্মসমর্পণ করবে, সেটা আর হতাশা নয়। বরং মেনে নেওয়া যে, এই টিম আর জিতবে না বা আগামী কয়েকটা সপ্তাহ অস্ট্রেলিয়ায় লড়াইটাও করতে পারবে না। তাদের সঙ্গে দীর্ঘদিন ক্রিকেট খেলেছি বলেই কমেন্ট্রি বক্সে বসে এই দলের টানা সাতটা হার দেখে যন্ত্রণা হচ্ছে। কিন্তু এটাই বাস্তব। ভারতীয় ক্রিকেট এখন এখানেই দাঁড়িয়ে আছে।
কয়েক সপ্তাহ ধরে এই দলটার প্রচুর সমালোচনা হয়েছে। যথার্থ কারণেই হয়েছে। একটা দল এত দিন ধরে এত খারাপ খেললে সমর্থক, মিডিয়া, প্রশাসক সবাই ধৈর্য হারাতে বাধ্য। এ জন্য তাদের দোষ দেওয়া যায় না; বরং এটাই দলের প্রাপ্য। ভারতীয় ক্রিকেটের সামনের দিকে তাকানোর জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। এই সিরিজের পর বেশ কয়েক মাস ভারত টেস্ট খেলবে না। কাজেই আমি দেখতে খুব উৎসাহী, গোটা ব্যাপারটা নির্বাচকরা কার্পেটের তলায় ঢুকিয়ে দেবেন নাকি ভারতীয় ক্রিকেটকে সামনে নিয়ে যাওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নেবেন?

No comments:

Post a Comment